দেশের তৃণমূল পর্যায় থেকে মেধাবী ক্রীড়াবিদ তুলে আনতে সরকার দেশব্যাপী শুরু করেছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। তরুণ-তরুণীদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করার এই মহতী আয়োজনের সাক্ষী হলেন বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় পোস্টার বয় হামজা চৌধুরী। শুক্রবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের আমন্ত্রণে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে ক্রিকেট ম্যাচ উপভোগ করতে যান তিনি।

ব্যক্তিগত সফরে চার দিনের জন্য ঢাকায় আসা হামজা চৌধুরী ব্যস্ত সূচির ফাঁকেও এই আয়োজনে শামিল হন। তাকে একনজর দেখার জন্য দুপুর থেকেই কলেজ মাঠে ভিড় জমাতে শুরু করেন উৎসুক সমর্থকরা। যেহেতু এই সফরে গণমাধ্যমের সঙ্গে হামজার সরাসরি কথা বলার সুযোগ সীমিত ছিল, তাই আজকের ইভেন্টে গণমাধ্যমকর্মীদেরও ছিল উপচে পড়া ভিড়। পরিস্থিতি সামলাতে আয়োজকদের বেশ হিমশিম খেতে হয়। এক পর্যায়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকেও ভিড় কমাতে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়।

মঞ্চে দাঁড়িয়ে হামজা চৌধুরী তাঁর অতি সংক্ষিপ্ত বার্তায় বলেন, সবাইকে সালাম। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই সুন্দর আয়োজনের অংশ করার জন্য প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি সত্যিই দারুণ কাজ শুরু করেছেন, যা আমাদের আগামী প্রজন্মের তারকাদের অনুপ্রাণিত করবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তাঁর বক্তব্যে হামজাকে ধন্যবাদ জানিয়ে বলেন, হামজা তরুণদের উদ্বুদ্ধ করতে এসেছেন, এটি আমাদের জন্য আনন্দের। আমরা চাই বাংলাদেশে ফুটবল, ক্রিকেট, দাবাসহ প্রতিটি ডিসিপ্লিনে বিশ্বমাপের ক্রীড়াবিদ উঠে আসুক এবং সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।

সংক্ষিপ্ত বক্তব্য শেষে হামজা ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাঠে গিয়ে ক্রিকেটারদের সাথে পরিচিত হন। কিছুক্ষণ ম্যাচ উপভোগ করার পর মাঠ ত্যাগ করেন এই তারকা মিডফিল্ডার। ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে হামজার এই ঝটিকা সফর বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের মনে নতুন আশার সঞ্চার করেছে।