সাকিব আল হাসান এবার খেলবেন লঙ্কা প্রিমিয়ার লিগ-এ। শ্রীলঙ্কার জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে জাফনা কিংস।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

এলপিএলের পোস্টে বলা হয়, “বিশ্ব টি-টোয়েন্টির অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যোগ দিলেন জাফনা কিংসে। দলের যখন স্থিতিশীলতা দরকার, তখন ব্যাট হাতে রান এনে দেন তিনি। আবার ম্যাচে ব্রেকথ্রুর প্রয়োজন হলে বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। চাপের মুহূর্তে তার অভিজ্ঞতা ও স্থিরতাই হয়ে ওঠে দলের বড় ভরসা।”

এর আগেও শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন সাকিব। ২০২৩ সালের আসরে গল টাইটানস-এর হয়ে ১০ ম্যাচে ১৩৮ রান করার পাশাপাশি নিয়েছিলেন ১১ উইকেট।

এবার তিনি খেলবেন এলপিএলের সবচেয়ে সফল দল জাফনা কিংসের হয়ে। এখন পর্যন্ত টুর্নামেন্টটি পাঁচবার অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে চারবারই শিরোপা জিতেছে দলটি।

দুই বছর বিরতির পর আবারও মাঠে ফিরছে লঙ্কা প্রিমিয়ার লিগ। এবারের আসর শুরু হবে আগামী ১৭ জুলাই। উদ্বোধনী ম্যাচে কলম্বোয় জাফনা কিংস মুখোমুখি হবে গল মার্ভেলস-এর।

এই টুর্নামেন্ট দিয়েই আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন সাকিব। বাংলাদেশের এই অলরাউন্ডার সর্বশেষ স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন গত জানুয়ারিতে, আইএল টি-টোয়েন্টি-তে মুম্বাই এমিরেটস-এর হয়ে।

প্রাইমটিভি/কেআর