বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডিঅর এবার ইতিহাসের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছে। দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে প্রথমবারের মতো প্যারিসের বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জমকালো আয়োজন।

ব্যালন ডিঅরের ৭০তম বার্ষিকী উপলক্ষে আগামী ২৬ অক্টোবর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আয়োজকরা জানিয়েছেন, ১৯৫৬ সালে প্রথম ব্যালন ডিঅর জয়ী ইংলিশ কিংবদন্তি স্ট্যানলি ম্যাথিউজ এর প্রতি শ্রদ্ধা জানাতেই এবারের আয়োজন লন্ডনে নেওয়া হয়েছে। তবে অনুষ্ঠানটি ঠিক কোন ভেন্যুতে হবে, তা এখনো জানানো হয়নি।

১৯৫৬ সালে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের হাত ধরে শুরু হয় ব্যালন ডিঅরের যাত্রা। এরপর থেকে ফুটবল বিশ্বে ব্যক্তিগত সর্বোচ্চ সম্মান হিসেবেই বিবেচিত হয়ে আসছে এই পুরস্কার।

গত দেড় দশক ধরে ব্যালন ডিঅরের মঞ্চে আধিপত্য ছিল লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনালদোর এর। রেকর্ড আটবার এই পুরস্কার জিতেছেন মেসি, আর পাঁচবার জয়ের কৃতিত্ব রয়েছে রোনালদোর।

সবশেষ আসরে পুরুষদের বিভাগে ব্যালন ডিঅর জেতেন ফরাসি তারকা উসমান দেম্বেলে। আর নারীদের বিভাগে বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পান স্পেনের আইতানা বনমাতি।

লন্ডনে এবারের আয়োজন ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। কারণ, বিশ্ব ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান এবার নতুন শহরে নতুন আবহে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রাইমটিভি/এনজি