নতুন করে চোটে পড়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। মেডিকেল পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলো তো বটেই, মরক্কোর বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচেও তার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

বৃহস্পতিবার (২৮ মে) ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানায়, ৩৪ বছর বয়সী এই ফুটবলারের ডান পায়ের কাফে গ্রেড-টু ইনজুরি ধরা পড়েছে। দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, দ্রুত সুস্থ হওয়ার জন্য আপাতত বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই থাকতে হবে নেইমারকে।

সংবাদ সম্মেলনে লাসমার বলেন, মঙ্গলবার গ্রাঞ্জা কোমারিতে যোগ দেওয়ার পর নেইমারের বিস্তারিত মেডিকেল পরীক্ষা করা হয়। এমআরআই স্ক্যানে দেখা গেছে, এটি শুধু ফোলা নয়, বরং গ্রেড-টু কাফ ইনজুরি। তাই তাকে আরও কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে।

তবে এই চোটের কারণে নেইমারকে পুরো বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি ব্রাজিল টিম ম্যানেজমেন্ট।

এর আগে বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল দলের প্রথম অনুশীলনেও অংশ নিতে পারেননি নেইমার। ইনজুরির ধরন নিশ্চিত করতেই তাকে অতিরিক্ত ডাক্তারি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়।

ঘরোয়া লিগ ব্রাসিলেইরাওতে সবশেষ ১৭ মে মাঠে নেমেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। সেদিন করিতিবার বিপক্ষে হারের ম্যাচে খেলেছিল তার ক্লাব সান্তোস। পরে জাতীয় দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমারের সঙ্গে একটি ক্লিনিকে গিয়ে এমআরআই স্ক্যান করান তিনি।

এদিকে আগামী রোববার (৩১ মে) ব্রাসিলিয়ায় পানামার বিপক্ষে ব্রাজিলের প্রথম প্রস্তুতি ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বিশ্বকাপের আগে দলের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন, মিশরের বিপক্ষে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ব্রাজিলের জার্সিতে আর মাঠে নামেননি নেইমার। উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলের হারের সেই ম্যাচেই হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন তিনি।

প্রাইমটিভি/এনজি