সাফ নারী চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে জয় পেলেও ম্যাচজুড়ে কঠিন লড়াই করতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।

গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের প্রথম মিনিটে সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকীর গোলে লিড নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। ৩৪ মিনিটে উমহেলার গোলে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ।

তবে প্রথমার্ধেই রক্ষণভাগের ভুলে গোল হজম করে বাংলাদেশ। ডিফেন্ডারদের পেছনে ফেলে মালদ্বীপের নুরা এগিয়ে এসে গোলরক্ষক মিলির মাথার ওপর দিয়ে শট নিয়ে বল জালে জড়ান।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে আবারও বাংলাদেশের রক্ষণভাগ ভেদ করে সমতায় ফেরে মালদ্বীপ। ফাজলার নেওয়া শট গোলরক্ষক মিলি ঠিকভাবে নিয়ন্ত্রণে নিতে না পারায় বল জালে ঢুকে যায়।

সমতায় ফেরার পর চাপে পড়ে বাংলাদেশ। তবে ৬৩ মিনিটে মালদ্বীপের গোলরক্ষকের ভুলে আবারও এগিয়ে যায় দলটি। গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বল জালে পাঠান সুরভি আকন্দ প্রীতি।

ম্যাচের শেষ দিকে মালদ্বীপ একাধিক আক্রমণে বাংলাদেশকে চাপে রাখে। ঋতুপর্ণা চাকমা দূরপাল্লার কয়েকটি শট নিলেও গোলের দেখা পাননি। অবশেষে ইনজুরি সময়ে ঋতুপর্ণার কর্নার থেকে কোহাতি কিসকুর গোলে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এর আগে মালদ্বীপ নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১১-০ গোলে হেরেছিল। এই জয়ে বাংলাদেশ ও ভারত উভয় দলই এক ম্যাচে জয় নিয়ে ৩ পয়েন্ট অর্জন করে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

আগামী ৩১ মে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচটি হবে গ্রুপ সেরা নির্ধারণী। সেই ম্যাচ ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

প্রাইমটিভি/কেআর