প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না, ড্রয়ের পর শান্ত থাকার পরামর্শ ব্রাজিল কোচের

ছবি- সংগৃহীত
২০২৬ বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচে প্রত্যাশিত শুরু করতে পারেনি ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই চাপে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ২১তম মিনিটে মরক্কোর মিডফিল্ডার ইসমাইল সাইবারি গোল করে দলকে এগিয়ে নেন। তবে ১১ মিনিট পরই দুর্দান্ত এক গোলে সমতা ফেরান ভিনিসিয়ুস জুনিয়র।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, “আমাদের শুরুটা ভালো হয়নি। দল কিছুটা উদ্বিগ্ন ছিল, ফলে আমরা বল হারিয়েছি এবং অনেক ডুয়েলেও পিছিয়ে পড়েছি। প্রথমার্ধ মোটেও ভালো ছিল না। দ্বিতীয়ার্ধে কিছুটা উন্নতি হয়েছে। মরক্কো খুবই সংগঠিত ও শক্তিশালী দল, তাই ম্যাচটিও কঠিন ছিল।”
ব্রাজিলের প্রথম বিদেশি কোচ হিসেবে বিশ্বকাপ মঞ্চে অভিষেক হওয়া আনচেলত্তি মনে করেন, দলের ওপর চাপ কাজ করেছে। তার ভাষায়, “শুরুর দিকেই যদি আমরা চাপ কাটিয়ে উঠতে পারতাম, তাহলে আরও বিপজ্জনক হতে পারতাম এবং ম্যাচের নিয়ন্ত্রণও নিজেদের হাতে রাখতে পারতাম।”
তবে আত্মসমালোচনার পাশাপাশি ড্রয়ের ফলাফলকে পুরোপুরি নেতিবাচকভাবে দেখছেন না ইতালিয়ান এই কোচ। তিনি বলেন, “বিশ্বকাপের প্রথম ম্যাচে যেকোনো কিছু ঘটতে পারে। প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না। ফলাফল আদর্শ নয়, কিন্তু খুব খারাপও নয়। আমাদের আত্মবিশ্বাস হারানো যাবে না।”
সংবাদ সম্মেলনে আনচেলত্তি আরও বলেন, “আমি নিজেও উদ্বিগ্ন ছিলাম। আমরা বলের নিয়ন্ত্রণ হারিয়েছি এবং মাঠে ভারসাম্যহীন দেখিয়েছি। প্রথমার্ধে অনেক ভুল হয়েছে। এসব জায়গায় উন্নতি করতে হবে। পরের ম্যাচে দল আরও ভালো খেলবে বলে আমি বিশ্বাস করি।”
আগামী ২০ জুন ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল জাতীয় ফুটবল দল মুখোমুখি হবে হাইতি জাতীয় ফুটবল দল-এর। সেই ম্যাচের আগে দল নির্বাচন, কৌশল এবং ভারসাম্য নিয়ে আরও কাজ করার কথা জানিয়েছেন আনচেলত্তি।
তিনি বলেন, “আমাদের আরও ভারসাম্যপূর্ণ হতে হবে এবং আক্রমণভাগকে আরও কার্যকর করতে হবে। স্কোয়াডে পর্যাপ্ত বিকল্প আছে। শুধু শুরুর একাদশ নয়, বদলি খেলোয়াড়দেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”
এদিকে ম্যাচে ব্রাজিলের সেরা পারফর্মার ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তার গোলেই হার এড়িয়েছে সেলেসাওরা। সাবেক শিষ্যের প্রশংসা করে আনচেলত্তি বলেন, “ভিনিসিয়ুস অসাধারণ খেলেছে। মাঠে সে খুবই বিপজ্জনক ছিল। তার সব ধরনের গুণাবলি রয়েছে। আমার বিশ্বাস, তার সামনে একটি দুর্দান্ত বিশ্বকাপ অপেক্ষা করছে।”
প্রথম ম্যাচে জয় না পেলেও গ্রুপ পর্ব থেকে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী ব্রাজিল শিবির। এখন তাদের লক্ষ্য পরের ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়ে নকআউট পর্বের পথে এগিয়ে যাওয়া।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








