১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত

প্রতীকী ছবি
১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বৃহস্পতিবার দেশটির মন্ত্রিসভার এক সিদ্ধান্তের মাধ্যমে এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়।
নতুন বিধান অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী কোনো শিশু সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলতে, ব্যবহার করতে বা পরিচালনা করতে পারবে না। একই সঙ্গে তারা এসব প্ল্যাটফর্মের পূর্ণাঙ্গ ফিচারও ব্যবহার করতে পারবে না।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম (WAM) জানায়, মন্ত্রিসভার সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ করা হয়েছে।
নিয়ম অনুযায়ী, ১৫ বছরের নিচের শিশুরা সামাজিক যোগাযোগ, পোস্ট প্রকাশ, মন্তব্য করা, কনটেন্ট শেয়ার করা, উন্মুক্ত গ্রুপ বা চ্যানেলে যোগ দেওয়া এবং বৃহৎ পরিসরের ইন্টারঅ্যাকটিভ প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে পারবে না।
এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে ১২ মাস সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাদের বয়স যাচাই ও নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করতে হবে।
মন্ত্রিসভার সিদ্ধান্তে বলা হয়েছে, কোনো প্ল্যাটফর্ম যদি ১৫ বছরের কম বয়সী শিশুদের অ্যাকাউন্ট শনাক্ত ও নিষ্ক্রিয় করতে ব্যর্থ হয়, তাহলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
এ ক্ষেত্রে দেশটির গণমাধ্যম ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। এর মধ্যে সতর্কবার্তা প্রদান, আংশিক বা সম্পূর্ণভাবে প্ল্যাটফর্ম ব্লক করা এবং প্রশাসনিক জরিমানা আরোপের মতো পদক্ষেপও রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দেশ কঠোর নীতিমালা গ্রহণ করছে। অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের পর এবার ইউএইও শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদারে নতুন এই পদক্ষেপ নিল।
বিশেষজ্ঞদের মতে, শিশুদের মানসিক স্বাস্থ্য, অনলাইন হয়রানি এবং ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষার বিষয়টি বিবেচনায় এনে বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সসীমা নির্ধারণের প্রবণতা বাড়ছে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









