বাংলাদেশ থেকে বছরে ৮ হাজার কোটি টাকা আয় করছে মেটা

ছবি: সংগৃহীত
বাংলাদেশে ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা বছরে ৮ হাজার কোটি টাকার বেশি আয় করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
শনিবার (১৬ মে) রাজধানীর একটি হোটেলে ‘টেলিকম খাতে নতুন সরকারের ভিশন’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। সেমিনারটির আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)।
সেমিনারে ব্যারিস্টার শাহেদ আলম বলেন, দেশে প্রায় ৭ কোটি ৩০ লাখ ফেসবুক ব্যবহারকারী রয়েছে। প্রতি ব্যবহারকারীর কাছ থেকে গড়ে ১৫ ডলার আয় করলে মেটার মোট আয় দাঁড়ায় প্রায় ৭০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার কোটি টাকার বেশি।
তিনি আরও বলেন, “বাংলাদেশ থেকে বিপুল আয় করলেও প্রতিষ্ঠানটির দেশের অর্থনীতিতে প্রত্যক্ষ অবদান নেই।”
সেমিনারে প্রধান অতিথি ছিলেন টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, সরকার ৫জি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) গ্রামীণ পর্যায় পর্যন্ত বিস্তারের পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগামী পাঁচ বছরে তথ্যপ্রযুক্তি খাতে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে বলেও তিনি জানান।
আয়োজক সংগঠনের সভাপতি সমীর কুমার দে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবির রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স প্রধান সাহেদ আলম।
সেমিনারে আরও বক্তব্য দেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক, বিটিআরসি চেয়ারম্যান, এমটব মহাসচিব, ফিকির প্রতিনিধি এবং বিভিন্ন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা মনে করছেন, ডিজিটাল বিজ্ঞাপন বাজারে বাংলাদেশ বড় একটি সম্ভাবনাময় ক্ষেত্র হলেও নীতিগত কাঠামো ও রাজস্ব ব্যবস্থাপনায় আরও উন্নয়ন প্রয়োজন।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









