বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

বৈদ্যুতিক গাড়ি । ছবিঃ সংগৃহীত
পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে অটো লোনে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি কিনতে গ্রাহকেরা সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। একই সঙ্গে ব্যক্তিগত ঋণের সীমাও বাড়ানো হয়েছে।
মঙ্গলবার এ সংক্রান্ত একটি সার্কুলার দেশের সব ব্যাংকে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রচলিত জ্বালানিচালিত গাড়ির ক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত অটো লোন পাবেন। তবে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির জন্য এই সীমা বাড়িয়ে করা হয়েছে ৮০ লাখ টাকা।
ঋণ ও নিজস্ব বিনিয়োগের অনুপাতেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ গাড়ির ক্ষেত্রে ব্যাংক সর্বোচ্চ ৬০ শতাংশ ঋণ দিতে পারবে, বাকি ৪০ শতাংশ গ্রাহককে নিজস্ব বিনিয়োগ হিসেবে দিতে হবে। অন্যদিকে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ক্ষেত্রে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ পাওয়া যাবে। সেক্ষেত্রে গ্রাহকের নিজস্ব বিনিয়োগ লাগবে মাত্র ২০ শতাংশ।
সার্কুলারে আরও বলা হয়েছে, কোনো ব্যক্তির মোট ঋণ সক্ষমতা বা ‘এক্সপোজার’ হিসাবের সময় তার নির্ভরশীল সদস্যদের নেওয়া অটো লোনও বিবেচনায় আনা হবে।
এদিকে ব্যক্তিগত ঋণের সীমাও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন গ্রাহক সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন নিতে পারবেন। আগে এই সীমা ছিল ২০ লাখ টাকা।
বিশেষজ্ঞদের মতে, নতুন এই উদ্যোগ দেশে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি মধ্য ও উচ্চ আয়ের গ্রাহকদের জন্য গাড়ি কেনা আরও সহজ হতে পারে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









