বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে কী চলছে। নেই ইট পাথরের ধুলো, নেই যন্ত্রপাতির বিকট শব্দ। এমনকি প্রবল বৃষ্টিতেও থেমে নেই কাজ। শহরের ব্যস্ততম সড়কের পাশেই চলছে বহুতল ভবনের নির্মাণ, অথচ টেরই পাচ্ছেন না পথচারীরা।

রূপকথার মতো শোনালেও, চীনের জিনান শহরে এটি এখন বাস্তবতা। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এক অভিনব উদ্যোগ। বড় নির্মাণকাজ শুরু হলেই পুরো এলাকাকে ঢেকে ফেলা হচ্ছে বিশাল স্বচ্ছ বায়ুভর্তি ডোম দিয়ে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই ডোম প্রায় ৫০ মিটার উঁচু এবং ২০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি বিশ্বের অন্যতম বৃহৎ ইনফ্লেটেবল কাঠামো।

ডোমের ভেতরে রয়েছে উন্নত এয়ার ফিল্টারিং এবং নেগেটিভ প্রেসার সিস্টেম, যা ধুলোবালিকে বাইরে যেতে দেয় না। ফলে আশপাশের পরিবেশ থাকে দূষণমুক্ত।

শুধু দূষণ রোধই নয়, এই কাঠামো এখন আয়ের উৎসও। ডোমের বাইরের অংশে বড় বড় ডিজিটাল বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে বাড়তি রাজস্ব অর্জন করছে কর্তৃপক্ষ।

ভেতরে রয়েছে কৃত্রিম ভেন্টিলেশন ব্যবস্থা, আর স্বচ্ছ প্যানেলের মাধ্যমে দিনের আলো প্রবেশ করায় কমে যায় বিদ্যুতের ব্যবহার। ঝড় বৃষ্টি কোনো বাধা হয়ে দাঁড়ায় না, ফলে শ্রমিকরা নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যেতে পারেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যেই সম্পূর্ণ আকার পেয়েছে এই বিশাল ডোম। দ্রুত স্থাপন এবং সহজে অপসারণযোগ্য এই প্রযুক্তি ইতোমধ্যেই আধুনিক নির্মাণশৈলীতে নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ঘনবসতিপূর্ণ শহরে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে কীভাবে নির্মাণ কাজ চালানো যায়, চীন সেই উদাহরণই দেখাচ্ছে বিশ্বকে।