ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সোজা-সাপ্টা ও খোলামেলা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এবারের ঈদুল আজহা উপলক্ষে একটি বিশেষ অনলাইন অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের প্রেম, বিয়ে এবং জীবনের নানা চড়াই-উতরাইয়ের অভিজ্ঞতা নিয়ে অকপটে কথা বলেছেন এই তারকা।

অনুষ্ঠানে বাঁধনের কাছে জানতে চাওয়া হয়, নতুন করে প্রেম বা বিয়ে নিয়ে তাঁর বর্তমান পরিকল্পনা কী। জবাবে এই অভিনেত্রী বেশ মজার ছলে ও অকপটে জানান, গত বছর তিনি সত্যিই বিয়ের কথা ভেবেছিলেন। এমনকি বিয়ে করার মতো একজন উপযুক্ত মানুষও তাঁর জীবনে এসেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্কটি আর পরিণতি পায়নি।

স্মৃতিচারণ করে বাঁধন বলেন, “সত্যি বলছি, গত বছর আমার বিয়ের পরিকল্পনা ছিল। পরিকল্পনা থাকলেও তো আসলে নিজের পছন্দমতো মানুষ পেতে হবে। তেমন একজনকে পেয়েও ছিলাম, যার মা-ও আমাকে খুব পছন্দ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সে আসলে ভেগে গেছে।”

বর্তমানে বিয়ের জন্য যোগ্য বা উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছেন না বলেও জানান তিনি। তবে প্রেমের সম্পর্কের অভিজ্ঞতা যে ইদানীং তাঁর জীবনে এসেছে, সেটিও নির্দ্বিধায় স্বীকার করেছেন এই লাক্স তারকা।

তিনি বলেন, “এখন আমি বিয়ে করার মতো পাত্র আমার আশপাশে খুঁজে পাই নাই। তবে প্রেম করার জন্য দুই-একজনকে পেয়েছিলাম। তার মধ্যে একজনের সঙ্গে প্রেমও করেছি। কিন্তু জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার জন্য পাত্রই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

নিজের অতীত জীবনের অভিজ্ঞতার কথা টেনে বাঁধন কিছুটা রসিকতা করেই বলেন, “বিয়ে তো আমি (পর্দায় ও জীবনে) দুইবার করে ফেলেছি। এখন আর নিশ্চয়ই নতুন করে সেই ভুলটা করা যাবে না। তাই একটু বুঝেশুনেই এগোতে চাই।”

আলাপচারিতায় নিজের ব্যক্তিগত জীবনের পাশাপাশি ঈদকে ঘিরে শৈশবের রঙিন স্মৃতিও তুলে ধরেন বাঁধন। তিনি জানান, ছোটবেলায় কোরবানির ঈদ মানেই ছিল মুন্সীগঞ্জের শ্রীনগরে তাঁদের গ্রামের বাড়িতে পরিবারের সবার সঙ্গে এক আনন্দমুখর সময় কাটানো, যা আজও তাঁর মনে জ্বলজ্বল করছে।

তবে সময়ের সঙ্গে সঙ্গে ঈদের অনুভূতি বদলে গেছে উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, বয়স বাড়ার সাথে সাথে এখন আনন্দের চেয়ে দায়িত্ববোধটাই বেশি অনুভূত হয়। আর ছোটবেলার রোজার ঈদের সবচেয়ে দারুণ স্মৃতি ছিল সিনেমা হলে গিয়ে নতুন ছবি দেখা, যা এখনও মিস করেন তিনি।

প্রাইমটিভি/কেআর