চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৬১

সড়ক দুর্ঘটনা । প্রাইম টিভি
দেশের চার জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা ও দুই মেয়েসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন ৬১ জনের বেশি। রোববার (৩১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত নেত্রকোণা, কুষ্টিয়া, চাঁদপুর ও ফরিদপুরে দুর্ঘটনাগুলো ঘটে।
সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে নেত্রকোণায়। সদর উপজেলার চল্লিশা বাইপাস মোড় এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ মা ও তার দুই মেয়ে নিহত হন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় সেনা সদস্য বহনকারী বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৩২ জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁদপুর সদর উপজেলার গাছতলা বাদামতলী এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে মির্জা জোহা নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের শুকনো খাদে উল্টে পড়ে। এতে অন্তত ২৩ জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রতিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






