হজ পালনে গিয়ে এবার প্রাণ গেছে ৩৭ বাংলাদেশির

হজ পালনে হাজিদের ভীর । সংগৃহীত
চলতি বছর সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের মধ্যে এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১৩ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ২৭ জন এবং মদিনায় ১০ জনের মৃত্যু হয়েছে।
ইতিমধ্যে পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার কার্যক্রম শুরু হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য অনুযায়ী, রোববার রাত ৩টা পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটে মোট ৬ হাজার ১৭৫ হাজি দেশে ফিরেছেন।
ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৫৯ জন রয়েছেন। পরিবহনকারী এয়ারলাইন্সগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১ হাজার ১৮৪ জন, সৌদি এয়ারলাইন্স ১ হাজার ৬৯১ জন এবং ফ্লাইনাস ৩ হাজার ৩০০ জন হাজি পরিবহন করেছে।
এ পর্যন্ত পরিচালিত ১৫টি ফিরতি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩টি, সৌদি এয়ারলাইন্স ৪টি এবং ফ্লাইনাস ৮টি ফ্লাইট।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ৩০ মে থেকে আনুষ্ঠানিকভাবে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়। প্রথম ফিরতি ফ্লাইটটি জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৪৫ জন হাজি নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে এবং পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ ছাড়া সৌদির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন ১৭৬ জন হাজি। বর্তমানে ২৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়। হাজিদের ফিরতি ফ্লাইট কার্যক্রম চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








