নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজার গাছসহ নিতাই কুমার মন্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৩১ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে উপজেলার রামনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার নিতাই কুমার মন্ডল রামনগর গ্রামের নন্দ কুমারের ছেলে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে নিতাই কুমার তার বাড়ির পাশে একটি কচুক্ষেতের মধ্যে গোপনে গাঁজার গাছ রোপণ করে পরিচর্যা করছেন।

পরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা সেখানে অভিযান চালিয়ে গাঁজার গাছ উদ্ধার করেন এবং নিতাই কুমারকে আটক করেন।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক উৎপাদন, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রাইমটিভি/কেআর