আজ থেকে সারা দেশে শুরু হয়েছে হামের গণটিকা কার্যক্রম। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এই বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার সকালে জিন্দাপার্কে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে চলবে এই কার্যক্রম। জানা গেছে, দেশের ১৮ জেলার ৩০টি উপজেলা এবং ৪টি সিটি করপোরেশনসহ বিভিন্ন এলাকায় এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। ইতোমধ্যে প্রথম ধাপ শুরু হয়েছে ৫ এপ্রিল, যা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। দ্বিতীয় ধাপ শুরু হয়েছে ১২ এপ্রিল থেকে, যা চলবে ১২ মে পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, সিটি করপোরেশন এলাকায় এই বিশেষ ক্যাম্পেইন চলবে ২০ মে পর্যন্ত। আর দেশের অন্যান্য স্থানে ১২ মে পর্যন্ত টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে। তবে যেসব শিশু বর্তমানে জ্বর বা অন্য কোনো অসুস্থতায় ভুগছে, তাদের এই সময়ে টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ করলে হামসহ বিভিন্ন সংক্রামক রোগ থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। শিশুর সুস্থ ভবিষ্যৎ গড়তে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।