আধুনিক সময়ে তরুণ প্রজন্মের মাঝে সকালের নাস্তা এড়িয়ে যাওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে, আর এ অভ্যাসই নীরবে ডেকে আনছে নানা স্বাস্থ্যঝুঁকি।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় না খেয়ে থাকলে শরীর প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি থেকে বঞ্চিত হয়, যার প্রভাব পড়ে পুরো শরীরজুড়ে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত সকালের নাস্তা না খেলে হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এ ঝুঁকি আরও বেশি।

অন্যদিকে, অনেকেই মনে করেন নাস্তা বাদ দিলে ওজন কমবে কিন্তু বাস্তবতা উল্টো। দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে ক্ষুধা বেড়ে যায়, আর তখন অস্বাস্থ্যকর খাবারের প্রতি ঝোঁক তৈরি হয়, যা ওজন বাড়ার কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকির সঙ্গেও রয়েছে সকালের নাস্তার ঘনিষ্ঠ সম্পর্ক। নিয়মিত নাস্তা না করলে শরীরের গ্লুকোজ নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিতে পারে। শুধু তাই নয়, শরীরে প্রোটিনের ঘাটতি তৈরি হয়ে চুল পড়া ও চুলের বৃদ্ধি কমে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।

হজম প্রক্রিয়ার জন্যও সকালের নাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা না খেয়ে থাকার পর নাস্তা শরীরের বিপাকক্রিয়া স্বাভাবিক রাখতে সহায়তা করে। কিন্তু নাস্তা বাদ দিলে হজমে সমস্যা তৈরি হতে পারে। এছাড়াও, সকালের খাবার এড়িয়ে গেলে মুড সুইং, ক্লান্তি ও মনোযোগের ঘাটতিও দেখা দেয়।

গবেষণায় বলা হয়েছে, যারা নিয়মিত নাস্তা করেন না, তারা তুলনামূলক বেশি অবসাদগ্রস্ত ও ভুলোমনা হয়ে পড়েন। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, সুস্থ থাকতে দিনের শুরুটা হোক পুষ্টিকর সকালের নাস্তায়।