তীব্র তাপদাহে নাজেহাল জনজীবন, স্যালাইন ও ফলের রসে বাড়ছে নির্ভরতা

Photo Collected
বৈশাখের শুরুতেই দেশজুড়ে তীব্র তাপদাহ। আর এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অসহনীয় গরমে বেড়েছে নানা ধরনের অসুস্থতা, বিশেষ করে পানিশূন্যতার ঝুঁকি।
চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে দ্রুত পানি ও প্রয়োজনীয় খনিজ বেরিয়ে যাচ্ছে। ফলে ক্লান্তি, মাথা ঘোরা এমনকি গুরুতর অসুস্থতার ঘটনাও বাড়ছে। এই পরিস্থিতিতে পানিশূন্যতা দূর করতে অনেকেই ঝুঁকছেন খাবার স্যালাইন বা ওআরএসের দিকে। আবার কেউ কেউ ভরসা রাখছেন ফলের রসে। গরমে এই দুই ধরনের পানীয়র চাহিদাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
পুষ্টিবিদদের মতে, তাজা ফলের রস শরীরের জন্য অত্যন্ত উপকারী। এতে থাকা ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল শরীরকে রাখে সতেজ এবং শক্তিশালী। পাশাপাশি তৃষ্ণা মেটাতেও ফলের রস কার্যকর ভূমিকা রাখে। অন্যদিকে, ওআরএস বা খাবার স্যালাইন শরীরের পানির ভারসাম্য দ্রুত ফিরিয়ে আনতে সাহায্য করে। বিশেষ করে ডিহাইড্রেশন বা ডায়রিয়ার ক্ষেত্রে এটি জীবন রক্ষাকারী হিসেবে কাজ করে। কারণ, শরীর থেকে বেরিয়ে যাওয়া সোডিয়াম, পটাশিয়ামসহ প্রয়োজনীয় খনিজ পুনরায় সরবরাহ করে ওআরএস।
বিশেষজ্ঞরা বলছেন, প্রচণ্ড গরমে সুস্থ থাকতে হলে নিয়মিত পর্যাপ্ত পানি পান করার পাশাপাশি ফলের রস ও ওআরএস দুইটিই প্রয়োজন অনুযায়ী গ্রহণ করা উচিত। তবে মনে রাখতে হবে, স্বাভাবিক অবস্থায় ফলের রস উপকারী হলেও, শরীরে পানিশূন্যতা মারাত্মক আকার ধারণ করলে তখন ওআরএসই হতে পারে একমাত্র ভরসা।
তাই এই গরমে সচেতন থাকুন, পর্যাপ্ত তরল গ্রহণ করুন, আর সুস্থ থাকুন।

নাজমুল গাজী
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









