ইরান যুদ্ধ ঘিরে বিশ্ব অর্থনীতিতে মন্দার শঙ্কা: সতর্ক করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল।

Prime TV - IMF
বিশ্বজুড়ে নতুন করে অর্থনৈতিক শঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল সতর্ক করে বলেছে, ইরান যুদ্ধের উত্তাপ আরও বাড়লে বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের মন্দার মুখে পড়তে পারে।
মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, মধ্যপ্রাচ্যের চলমান সংকট ইতোমধ্যেই বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এর ফলে ২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে আইএমএফ। প্রতিবেদন অনুযায়ী, জ্বালানির দাম যদি নিয়ন্ত্রণে না আসে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এমনকি ১৯৮০ সালের পর পঞ্চমবারের মতো বিশ্ব অর্থনীতি বড় মন্দার মুখে পড়ার আশঙ্কা রয়েছে। জি-৭ দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে যুক্তরাজ্য। দেশটির প্রবৃদ্ধি কমে দাঁড়াতে পারে মাত্র শূন্য দশমিক আট শতাংশে, আর মূল্যস্ফীতি পৌঁছাতে পারে চার শতাংশে।
এদিকে এই পরিস্থিতির জন্য সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে দায়ী করেছেন ব্রিটিশ চ্যান্সেলর র্যাচেল রিভস। তিনি বলেন, সুস্পষ্ট লক্ষ্য ও পরিকল্পনা ছাড়া যুদ্ধে জড়ানো যুক্তরাষ্ট্রের বড় ভুল। আইএমএফ আরও জানিয়েছে, জ্বালানি আমদানিকারক ও উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বড় ধাক্কা খাবে। যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির পূর্বাভাসও কমিয়ে দুই দশমিক তিন শতাংশে নামানো হয়েছে।
সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ সতর্ক করে বলেছেন, যদি তেলের দাম দীর্ঘসময় উচ্চ অবস্থায় থাকে, তাহলে বৈশ্বিক প্রবৃদ্ধি নেমে আসতে পারে দুই শতাংশে। যা কার্যত বিশ্বমন্দার সমতুল্য। এই পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সতর্ক থাকার পাশাপাশি যুদ্ধ বন্ধের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে আইএমএফ।

Nazmul Gazi
© 2026 Prime Tv. All rights reserved.









