আত্মরক্ষামূলক পদক্ষেপের নামে ভূখণ্ড বিস্তার বাড়াচ্ছে ইসরায়েলঃ তুরষ্কের পররাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আন্তর্জাতিক মহলে ইসরায়েলের ভূমিকার তীব্র সমালোচনা করে বলেছেন, ইসরায়েল নিরাপত্তাকে একটি অজুহাত হিসেবে ব্যবহার করে মূলত নিজেদের ভূখণ্ড সম্প্রসারণের চেষ্টা চালাচ্ছে। শনিবার তুরস্কের বিখ্যাত আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে দেওয়া এক বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
ফিদান দাবি করেন, বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান ইসরায়েলি সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করছে। তিনি বলেন, ইসরায়েলের বর্তমান কার্যক্রম প্রকৃতপক্ষে কোনো আত্মরক্ষামূলক পদক্ষেপ নয়, বরং এটি তাদের দখলদারিত্ব ও ভূখণ্ড বাড়ানোর একটি সুপরিকল্পিত কৌশলের অংশ। তার মতে, ইসরায়েল নিরাপত্তাকে একটি ঢাল হিসেবে ব্যবহার করছে, যার আড়ালে তারা ফিলিস্তিনের ভূমি গ্রাস করছে।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বিশ্বজুড়ে এমন একটি ধারণা প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে যে ইসরায়েল কেবল নিজের অস্তিত্ব রক্ষায় লড়াই করছে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম ছাড়িয়ে এখন লেবানন ও সিরিয়ার বিভিন্ন এলাকায় ইসরায়েল তাদের নিয়ন্ত্রণ ও সামরিক প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বক্তব্যের শেষ পর্যায়ে হাকান ফিদান মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে বলেন, অঞ্চলটিতে স্থিতিশীলতা ফেরাতে হলে প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কোনো জাতির ওপর শক্তি প্রয়োগ বা জবরদস্তিমূলক দখলদারিত্বের মাধ্যমে দীর্ঘস্থায়ী শান্তি অর্জন করা কখনোই সম্ভব নয়। তিনি বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের এই সম্প্রসারণবাদী নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।এই মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইসরায়েল-তুরস্কের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনকে আরও উসকে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









