চাঁদ এক সময় মানুষের কাছে ছিল রূপকথার এক রহস্যময় জগৎ। অনাদিকাল ধরে পৃথিবীর আকাশ থেকে ঝুলে থাকা এই রুপালি থালাটি কবিদের দিয়েছে প্রেরণা আর সাধারণ মানুষকে দিয়েছে অসীম কৌতূহল।



কিন্তু বিংশ শতাব্দীতে এসে মানুষের সেই চিরন্তন কল্পনা এক নতুন মোড় নেয়। যখন বিজ্ঞান আর প্রযুক্তির হাত ধরে মহাকাশ গবেষণার দুয়ার খুলে যায়, তখন চাঁদ আর কেবল দূর আকাশের স্বপ্ন হয়ে থাকেনি, তা হয়ে ওঠে মানুষের পদচিহ্নের অপেক্ষায় থাকা এক নতুন ভূমি। বিংশ শতাব্দীর সেই ঐতিহাসিক যাত্রার শুরু হয়েছিল তৎকালীন বিশ্বশক্তির প্রতিযোগিতার মধ্য দিয়ে।



মূলত মানবজাতির চাঁদে যাওয়ার ইতিহাস শুরু হয়েছিল অ্যাপোলো কর্মসূচি (Apollo Program) -এর মাধ্যমে। কয়েক দশক পর সেই পথেই নতুন লক্ষ্য নিয়ে ফিরছে আর্টেমিস ২ (Artemis II)। শুধু চাঁদে অবতরণ নয় দীর্ঘমেয়াদি উপস্থিতি এবং ভবিষ্যৎ মঙ্গল অভিযানের প্রস্তুতিই এখন প্রধান লক্ষ্য।



এই অভিযানের অংশ হিসেবে চাঁদের গা ঘেঁষে এক রোমাঞ্চকর ভ্রমণ শেষে পৃথিবীর পথে ফিরছেন আর্টেমিস ২ (Artemis II)-এর চার নভোচারী। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান (The Guardian) -এর প্রতিবেদনে উঠে এসেছে তাদের অভূতপূর্ব অভিজ্ঞতার কথা। চাঁদের খুব কাছ দিয়ে যাওয়ার অনুভূতি জানাতে গিয়ে নভোচারী ক্রিস্টিনা কোচ (Christina Koch) বলেন চাঁদের পৃষ্ঠের দিকে তাকিয়ে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল, আমি যেন সেই ল্যান্ডস্কেপের ভেতরে হারিয়ে গেছি। চাঁদের বুকজুড়ে থাকা উজ্জ্বল নতুন গর্তগুলো ল্যাম্পশেডের ছিদ্র দিয়ে আসা আলোর মতো ঝলমল করছিল। সহযাত্রী ভিক্টর গ্লোভার (Victor Glover) -ও তার অনুভূতি প্রকাশ করে বলেন জানালার বাইরে তাকিয়ে মনে হচ্ছিল, আমি যেন চাঁদের বন্ধুর পথে হাঁটছি।



এই মিশনে আরও রয়েছেন রিড ওয়াইজম্যান (Gregory Reid Wiseman) এবং কানাডিয়ান নভোচারী জেরেমি হ্যানসেন (Jeremy Hansen)। নাসা (NASA) এর ওরিয়ন ক্যাপসুলের জানালা দিয়ে তারা ধারণ করেছেন বিরল কিছু দৃশ্য। চাঁদের পেছন থেকে পৃথিবীর উদয়, সূর্যগ্রহণ, এবং প্রায় ৯৫০ কিলোমিটার বিস্তৃত অরিয়েন্টাল ইমপ্যাক্ট বেসিন। নভোচারীরা আরও জানিয়েছেন, ধূসর চাঁদের বুকে তারা বাদামী, সবুজ এবং কমলা রঙের আভাও দেখতে পেয়েছেন। যা বিজ্ঞানীদের নতুন করে ভাবাচ্ছে।



এদিকে, এই মিশনে নতুন এক রেকর্ডও গড়েছে মানবজাতি। নভোচারীরা পৌঁছে গেছেন পৃথিবী থেকে ২ লাখ ৫২ হাজার মাইল দূরে, যা অ্যাপোলো ১৩ (Apollo 13) এর আগের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। দীর্ঘ যাত্রা শেষে ওরিয়ন ক্যাপসুলটি প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। চাঁদ থেকে ফিরে আসা এই যাত্রা শুধু ইতিহাসের পুনরাবৃত্তি নয় বরং এটি ভবিষ্যৎ মহাকাশ অভিযানের এক নতুন দিগন্তের সূচনা।