ওজন কমাতে দৌড় শুরু। আর সেই দৌড়েই বিশ্ব রেকর্ড! তবে রেকর্ডটা শুধু গতির নয়। অভিনব এক চ্যালেঞ্জেরও। যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের অ্যাথলেট মেরিডিথ স্মিথ (Meredith Smith) গড়েছেন এক অনন্য কীর্তি।


গত ৩০ মার্চ, ফোর্ট স্মিথ হাফ ম্যারাথন (Fort Smith Half Marathon) -এ অংশ নিয়ে তিনি দৌড়ান গায়ে একসঙ্গে ৫৫টি টি-শার্ট পরে! স্তরের পর স্তর কাপড়ে ভারী হয়ে ওঠা শরীর, দৌড়ানো যেখানে স্বাভাবিকভাবেই কঠিন, সেখানে এমন চ্যালেঞ্জ নিঃসন্দেহে অসাধারণ। তবুও থামেননি মেরেডিথ। ৩ ঘণ্টা ৩০ মিনিটেরও কম সময়ে শেষ করেন পুরো হাফ ম্যারাথন। আর এই অর্জনকে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস (Guinness World Records)।


কিন্তু এই রেকর্ডের পেছনে আছে এক অনুপ্রেরণার গল্প। ২০১৩ সালে ওজন কমানোর লক্ষ্যেই দৌড় শুরু করেছিলেন তিনি। সেই সময় কল্পনাও করেননি, একদিন গড়বেন বিশ্ব রেকর্ড। মেরেডিথ জানান, ৫৫টি টি-শার্ট তাঁর কাছে শুধু পোশাক নয় এগুলো যেন তাঁর অতীতের ভারী শরীরের প্রতীক। অতীতের সেই ভার নিয়েই সামনে ছুটে চলা। আর নিজেকেই জয় করার এক অসাধারণ উদাহরণ গড়ে তুললেন তিনি।