বড় ছাঁটাইয়ের পথে বিবিসি, চাকরি হারাতে পারেন ২ হাজার কর্মী

BBC - Prime Tv
বিশ্বের অন্যতম বৃহৎ সংবাদ সংস্থা বিবিসি বড় আকারে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটির এই পদক্ষেপ আন্তর্জাতিক গণমাধ্যম অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, শিগগিরই প্রায় ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন, যা গত ১৫ বছরের মধ্যে বিবিসির সবচেয়ে বড় ছাঁটাই হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে বিবিসির মোট কর্মী সংখ্যা প্রায় ২১ হাজার ৫০০। এর মধ্যে প্রায় ১০ শতাংশ কর্মী এই সিদ্ধান্তের আওতায় পড়ছেন। বুধবার এক বৈঠকে কর্মীদের এই তথ্য জানানো হয়েছে বলে জানা গেছে।
বিবিসি জানিয়েছে, এই ছাঁটাই মূলত একটি বড় কাঠামোগত পরিবর্তনের অংশ। খরচ কমাতে সংস্থাটি ৬০০ মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের পরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে শুধু কর্মী কমানোই নয়, কিছু অনুষ্ঠানও বন্ধ করে দেওয়া হতে পারে। আগামী মাসে নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ম্যাট ব্রিটিন। তার দায়িত্ব গ্রহণের আগেই এই পরিবর্তন প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে সাবেক মহাপরিচালক টিম ডেভি জানিয়েছিলেন, আগামী তিন বছরে সংস্থার মোট খরচের অন্তত ১০ শতাংশ কমাতে হবে। চলতি মাসের শুরুতেই তিনি পদত্যাগ করেন।
বিশ্লেষকরা বলছেন, বিবিসির এই সংকটের পেছনে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে দর্শকদের অভ্যাসের পরিবর্তন। ঐতিহ্যবাহী টেলিভিশনের বদলে এখন মানুষ বেশি ঝুঁকছে নেটফ্লিক্স ও ডিজনির মতো অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের দিকে। এছাড়া লাইসেন্স ফি দেওয়া পরিবারের সংখ্যাও কমছে। এক বছরে প্রায় ৩ লাখ পরিবার এই তালিকা থেকে বাদ পড়েছে, যা বিবিসির আয়ে সরাসরি প্রভাব ফেলছে।
বর্তমানে বিবিসি তাদের রয়্যাল চার্টার নবায়ন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের উপস্থিতি বাড়াতে ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে কনটেন্ট সম্প্রসারণের চেষ্টা করছে সংস্থাটি।
সব মিলিয়ে, প্রযুক্তিগত পরিবর্তন এবং আর্থিক চাপে পড়েই বিবিসিকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Nazmul Gazi
© 2026 Prime Tv. All rights reserved.









