বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে স্থিতিশীলতা বজায় রাখতে এবং স্বাভাবিক নৌ-চলাচল নিশ্চিত করার লক্ষ্যে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে চীন। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি’কে আহ্বান জানিয়ে এই গুরুত্বারোপ করেন। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই আরও বলেন, হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে অবশ্যই সবার সম্মান জানাতে হবে।

একই সঙ্গে এই কৌশলগত জলপথ দিয়ে আন্তর্জাতিক নৌযান চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তাও নিশ্চিত করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন যে, এই প্রণালি উন্মুক্ত রাখার বিষয়ে বিশ্বজুড়ে একটি সর্বসম্মত আগ্রহ রয়েছে এবং চীন সবসময়ই যুদ্ধবিরতি ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষপাতি করে।

এদিকে, হরমুজ প্রণালিতে ওয়াশিংটনের কঠোর নিষেধাজ্ঞা ও অবরোধ উপেক্ষা করেই ইরানের আরও একটি বিশাল তেলবাহী জাহাজ (সুপার ট্যাংকার) হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে। জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণকারী সংস্থা এলএসইজি ও কেপলার জানিয়েছে, বুধবার (১৫ এপ্রিল) ‘আরএইচএন’ নামক একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) জাহাজ পারস্য উপসাগরে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্রের অবরোধ চলার মধ্যেই দ্বিতীয় ট্যাংকার হিসেবে হরমুজ পাড়ি দিলো এই জাহাজ। ২০ লাখ ব্যারেল জ্বালানি তেল বহনে সক্ষম ট্যাংকারটি কোন দিকে যাচ্ছে, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া যায়নি।