ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম

ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম | সংগৃহীত
ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন ফরিদা খানম। এর মধ্য দিয়ে তিনি ঢাকা জেলার প্রথম নারী ডিসি হিসেবে ইতিহাস গড়লেন।
বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে উপসচিব হিসেবে কর্মরত ফরিদা খানম ঢাকার বিদায়ী জেলা প্রশাসক মো. রেজাউল করিম-এর স্থলাভিষিক্ত হবেন। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রেজাউল করিমকে মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। তবে ঢাকার বর্তমান ডিসির নতুন কর্মস্থল সম্পর্কে বিস্তারিত এখনো জানানো হয়নি।
গোপালগঞ্জ সদর উপজেলার এক শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন ফরিদা খানম। তার বাবা মরহুম মো. মতিউর রহমান জাফরিন ছিলেন শিক্ষক ও ইসলামী চিন্তাবিদ এবং মা রিজিয়া বেগম গৃহিণী।
শিক্ষাজীবনে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (১৯৯২) ও এইচএসসি (১৯৯৪) পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে ২০০৬ সালের ২১ আগস্ট রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে তার কর্মজীবন শুরু হয়। দীর্ঘ প্রশাসনিক জীবনে তিনি রংপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, ফেনী ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করেছেন এবং ফেনীর দাগনভূঞা ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কাজ করেছেন। মাঠ প্রশাসনে নীতি বাস্তবায়ন, উন্নয়ন কার্যক্রম পরিচালনা ও তদারকিতে তার রয়েছে ব্যাপক অভিজ্ঞতা।
পাশাপাশি প্রেষণে মহিলা বিষয়ক অধিদপ্তরে উপপরিচালক ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ ট্যারিফ কমিশনে উপপ্রধান এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে উপপরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

Desk Report
© 2026 Prime Tv. All rights reserved.






