পিআরআইয়ের দাবি মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার

ছবিঃ সংগৃহীত
মার্চ মাসে সরকার প্রায় ২০ হাজার কোটি টাকা নতুন করে তৈরি করে অর্থনীতি থেকে ঋণ নিয়েছে। এমন মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট এর মূখ্য অর্থনীতিবিদ আশিকুর রহমান।
তাঁর মতে, এই অর্থ সরাসরি কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া হয়েছে, যা মূলত উচ্চক্ষমতাসম্পন্ন অর্থ বা নতুন ছাপানো টাকা হিসেবে বিবেচিত হয় এবং এর ফলে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীতে পিআরআইয়ের নিজস্ব কার্যালয়ে ফেব্রুয়ারি ও মার্চ মাসের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা নিয়ে আয়োজিত সেমিনারে এ কথা বলেন পিআরআইয়ের মুখ্য অর্থনীতিবিদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন পিআরআই চেয়ারম্যান জাইদি সাত্তার।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করার সময় আশিকুর রহমান বলেন, আমরা সংস্কার থেকে পিছিয়ে গেলে সেটা আত্মঘাতী হবে। আশা করছি সরকার ব্যাংক রেজোল্যুশন পর্যালোচনা করবে। সংস্কার থেকে পিছিয়ে এসে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিষয়ে অপ্রয়োজনীয় টেনশন সৃষ্টি করেছে। প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, বিনিয়োগ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে এখনই দ্বিধা–দ্বন্দ্ব কাজ করছে। তাঁরা গ্যাস বিদ্যুৎ পাবেন কি না, সেই চিন্তা করছেন। সরকার ও ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করতে হবে।
এসময় পিআরআই চেয়ারম্যান জাইদি সাত্তার বলেন, জ্বালানি খাতের অস্থিরতা সরাসরি পণ্যমূল্যে প্রভাব ফেলছে। আন্তর্জাতিক পর্যায়ের নানা সংকটের কারণে দেশের অর্থনীতিতেও চাপ তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে বড় ধরনের সংস্কার উদ্যোগ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। সেমিনারে বক্তারা সামগ্রিকভাবে মত দেন, অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় স্বচ্ছ নীতি, শক্তিশালী আর্থিক ব্যবস্থাপনা এবং সংস্কারের ধারাবাহিকতা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






