গণভোটের রায় বাস্তবায়ন না হলে নতুন সাংবিধানিক সংকটের আশঙ্কা: শিশির মনির

ঢাকা, ১৩ এপ্রিল: জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়ন না করা হলে দেশ নতুন করে সাংবিধানিক ও রাজনৈতিক অনাস্থার সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইডিবি) মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সেমিনারে কিনোট পেপার উপস্থাপনকালে তিনি এ মন্তব্য করেন। ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ১১ দলীয় ঐক্য।
গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে শিশির মনির বলেন, “বিশ্বের কোথাও গণঅভ্যুত্থান সংবিধান মেনে হয় না। এটি সংবিধানের বাইরে থেকেই সংঘটিত হয়। অথচ এখন এই রাজনৈতিক বিষয়কে আদালতের বিষয়বস্তুতে পরিণত করা হয়েছে।”
তিনি আরও বলেন, আগামী ১৯ এপ্রিল আদালত খোলার পর সংবিধান সংস্কার বাস্তবায়ন সংক্রান্ত বিষয়টি উত্থাপিত হতে পারে বলে তারা আশা করছেন। “আদালত যদি স্বাধীনভাবে ও দৃঢ়ভাবে দাঁড়াতে পারে, তাহলে এ বিষয়ে সরকারের বিরুদ্ধে রায় দেওয়া উচিত,”-যোগ করেন তিনি।
সংবিধান সংস্কারের প্রক্রিয়া ব্যাখ্যা করে এই আইনজীবী বলেন, গণভোটের ফল মেনে নিয়ে ১৮০ দিনের জন্য সংবিধান সংস্কার সভার অধিবেশন ডাকতে হবে। এরপর সংসদকে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে বিভক্ত করার প্রস্তাব তুলে ধরে তিনি জানান, উচ্চকক্ষ ১০০ সদস্যবিশিষ্ট হবে এবং দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে আসন বণ্টন করা হবে।
তিনি সতর্ক করে বলেন, “এই প্রক্রিয়া বাস্তবায়ন না হলে তা ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।”
আদালত ও রাজনৈতিক ইস্যুর মিশ্রণ নিয়ে সমালোচনা করে শিশির মনির বলেন, “তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিকভাবে প্রবর্তিত হয়েছিল, কিন্তু পরে আদালত সেটিকে অসাংবিধানিক ঘোষণা করে। এর ফলে দীর্ঘদিন দেশে অস্থিরতা তৈরি হয়। এখন আবার আদালত সেটিকে সাংবিধানিক বলছে-এ ধরনের দোদুল্যমান অবস্থান সংকটকে আরও বাড়িয়ে দেয়।”
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Khalid Robin
© 2026 Prime Tv. All rights reserved.









