জুলাই শহীদ শিশু জাবিরের মাকে সংরক্ষিত সংসদ সদস্য করেছে জামায়াত জোট

ছবিঃসংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত ছয় বছর বয়সী শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনীত করেছে জামায়াতে ইসলামী ও এর ১১ দলীয় জোট। সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
২০২৪ সালের ৫ আগস্ট উত্তরার কেসি মডেল স্কুলের নার্সারির ছাত্র জাবির তার বাবার সাথে বিজয় মিছিলে অংশ নিয়েছিল। উত্তরার পূর্ব থানার সামনে পুলিশের গুলিতে বিদ্ধ হয়ে শিশুটি শাহাদাত বরণ করে। সেই স্মৃতি ও ত্যাগের সম্মানার্থে তার মাকে সংসদে পাঠানোর এই সিদ্ধান্তকে রাজনৈতিক বিশ্লেষকরা আবেগঘন ও সম্মানজনক পদক্ষেপ হিসেবে দেখছেন।
আনুপাতিক হারে জামায়াতের একার ১২টি আসন পাওয়ার কথা থাকলেও জোটের স্বার্থে তারা শরিকদের ৩টি আসন ছেড়ে দিয়েছে। ফলে জামায়াত পাচ্ছে ৯টি আসন, ন্যাশনাল সিভিল পার্টি (এনসিপি) ২টি, এবং জাগপা ও খেলাফত মজলিস ১টি করে আসন পেয়েছে।
জোটের প্রার্থীদের মধ্যে রয়েছেন জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মারদিয়া মমতাজ এবং আইন বিভাগের সাবিকুন নাহার মুন্নি। শরিকদের মধ্য থেকে জাগপা চেয়ারম্যান ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রকৌশলী মাহবুবা হাকিম চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।
জামায়াত নেতারা জানিয়েছেন, ত্যাগের মূল্যায়ন ও পেশাদারত্বের সমন্বয় ঘটিয়েই এই তালিকা তৈরি করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এই প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









