জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার সরকারি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জনপ্রিয় চিকিৎসক ও সমাজকর্মী ডা. তাসনিম জারা। মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তিনি স্পষ্টভাবে বলেছেন, যদি কখনো সংসদে যান, তবে জনগণের সরাসরি ভোটেই যেতে চান।

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণার পর তাসনিম জারা তার পোস্টে লিখেন, অনেকেই তার নাম তালিকায় না থাকায় দুঃখ প্রকাশ করেছেন। তবে প্রকৃত সত্য হলো, তাকে এই আসনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি লিখেন, সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল। আমি কৃতজ্ঞতার সঙ্গে তা ফিরিয়ে দিয়েছি। আমি যদি কখনো সংসদে যাই, জনগণের সরাসরি ভোটেই যাব বলে তিনি উল্লেখ করেন।

গত নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, কোনো পোস্টার বা মিছিল ছাড়াই মাত্র ১৯ দিনের প্রচারণায় ৪৪ হাজারেরও বেশি মানুষ তাকে ভোট দিয়েছিলেন। নির্বাচনের দিনের অনিয়মের কথা উল্লেখ করলেও তিনি ফলাফল মেনে নিয়েছেন বলে জানান।

বাংলাদেশে অর্ধেকের বেশি জনসংখ্যা নারী উল্লেখ করে তাসনিম জারা নারীদের প্রতিনিধিত্বের ধরণ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি মনে করেন, নারীদের প্রতিনিধিত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে আসা উচিত। তার মতে, যদি সংরক্ষিত আসন থাকতেই হয়, তবে সেগুলোও জনগণের সরাসরি ভোটে নির্ধারিত হওয়া প্রয়োজন।

সংসদে না গিয়েও যে সমাজের জন্য কাজ করা সম্ভব, তাসনিম জারা সেই বিশ্বাস পুনর্ব্যক্ত করেছেন। বর্তমানে তিনি যেভাবে জনস্বার্থে কাজ করে যাচ্ছেন, ভবিষ্যতেও তা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাসনিম জারার এই অনমনীয় অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে।