সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার হয়রানি না করতে হাইকোর্টের নির্দেশ

ছবি- সংগৃহীত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন কোনো মামলায় গ্রেফতার বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার (২৬ এপ্রিল) বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
আদালত তাঁর আদেশে সেলিনা হায়াৎ আইভীকে বারবার নতুন মামলায় জড়ানো কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। উল্লেখ্য, আইভী এর আগে আদালত থেকে জামিন পেলেও পরবর্তীতে তাকে আবারও নতুন দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়। এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষে আদালত এই নির্দেশনা দেন।
আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং মোতাহার হোসেন সাজু। তাঁরা আদালতকে জানান, সাবেক মেয়র আইভী হাইকোর্ট থেকে আগেই জামিনে ছিলেন। কিন্তু এর মধ্যেই তাঁকে নতুন দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট করা হয়, যা আইনত প্রশ্নবিদ্ধ। এই শ্যোন অ্যারেস্টের বৈধতা চ্যালেঞ্জ করেই রিটটি করা হয়েছিল। আজকের আদেশের ফলে তাঁর বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি বা হয়রানির পথ আপাতত বন্ধ হলো।
২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জে পোশাকশ্রমিক মিনারুল ইসলাম নিহতের ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীকে আসামি করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩২ জনের বিরুদ্ধে করা ওই মামলায় আইভী ছিলেন ১২ নম্বর আসামি। এরপর থেকে তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হতে থাকে।
সংশ্লিষ্টরা মনে করছেন, হাইকোর্টের এই আদেশের ফলে আইভীর বিরুদ্ধে ধারাবাহিক নতুন মামলার যে আতঙ্ক তৈরি হয়েছিল, তা থেকে তিনি আপাতত আইনি সুরক্ষা পেতে যাচ্ছেন।

Desk Report
© 2026 Prime Tv. All rights reserved.









