হোয়াইট হাউসের নৈশভোজে গুলির শব্দ, দ্রুত সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

ছবিঃ সংগৃহীত
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক নৈশভোজ অনুষ্ঠান ঘিরে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নৈশভোজ চলাকালে হঠাৎ কয়েকটি বিকট শব্দ শোনা যায়। অনেকের ধারণা, এগুলো গুলির শব্দ ছিল। বিবিসির খবরে এক নিরাপত্তাকর্মীর বরাতে বলা হয়েছে, অন্তত সাত থেকে আটটি গুলি ছোড়া হয়। তবে সন্দেহভাজন বন্দুকধারীর বিষয়ে শুরুতে বিভ্রান্তি থাকলেও, পরে ট্রাম্প নিজেই তাঁর ট্রুথ সোশ্যালে জানান, ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
হোয়াইট হাউসের এক সহকারী নিশ্চিত করেছেন, প্রেসিডেন্ট সম্পূর্ণ নিরাপদে আছেন। ঘটনাস্থলে থাকা রয়টার্সের এক আলোকচিত্রী জানান, তিনি চার থেকে ছয়টি বিকট শব্দ শুনেছেন, তবে তা মূল নৈশভোজের স্থানের খুব কাছাকাছি ছিল না। ঘটনার সময় হোটেলে উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতারা। বিকট শব্দ শোনার পরপরই সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত ব্যবস্থা নেন এবং নৈশভোজের স্থানে নিরাপত্তা জোরদার করেন।
অনুষ্ঠানে উপস্থিত প্রায় দুই হাজার ছয়শ অতিথির অনেকেই আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নেন। পরে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুততার সঙ্গে ট্রাম্প ও মেলানিয়াকে নিরাপদ স্থানে নিয়ে যান। ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী এবং তদন্ত শুরু হয়েছে। ঘটনার বিস্তারিত জানার জন্য অপেক্ষা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

Desk Report
© 2026 Prime Tv. All rights reserved.









