বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর দাদা বিজেন্দ্র নাথ তিওয়ারির ওপর কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালানো হয়েছে। গত রবিবার সন্ধ্যায় বিহারের গোপালগঞ্জ জেলার বেলসান্দ গ্রামে এই ঘটনাটি ঘটে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় পাটনার পিএমসিএইচ (PMCH) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বিজেন্দ্র নাথ তিওয়ারি তার বাড়ির কাছে মাটি ভরাটের কাজ করছিলেন এবং একপর্যায়ে দরজায় বসে ছিলেন। পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্তরা পেছন থেকে তার ওপর কুড়াল দিয়ে হামলা চালায়। এতে তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে আসলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য পাটনায় স্থানান্তর করেন।

এই ঘটনার পর পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ও সদর এসডিপিও রাজেশ কুমার দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আক্রান্তের জবানবন্দির ভিত্তিতে মামলা দায়ের করেন। পুলিশ তৎপরতা চালিয়ে ঘটনার মূল অভিযুক্ত রাজেশ সাহকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। বাকি পলাতক অভিযুক্তদের আইনের আওতায় আনতে বিহার পুলিশ এলাকায় চিরুনি তল্লাশি অভিযান শুরু করেছে।

প্রাইমটিভি/বিএম