আদ্-দ্বীন হাসপাতাল সংকটে অনিশ্চয়তায় ২৯৫ বিদেশি মেডিকেল শিক্ষার্থী

ছবিঃ সংগৃহীত
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের একাডেমিক ও চিকিৎসা কার্যক্রম টানা ১০ দিন ধরে বন্ধ থাকায় চরম অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে পড়েছেন সেখানে অধ্যয়নরত বিদেশি মেডিকেল শিক্ষার্থীরা। চলমান এই সংকট নিরসনে আজ সোমবার (২২ জুন) সকালে শিক্ষার্থীরা স্বাস্থ্য অধিদপ্তরে গিয়ে মহাপরিচালকের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলেও কোনো সাড়া পাননি।
শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরে যান এবং প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেন। স্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ জানান, মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস পূর্বনির্ধারিত গুরুত্বপূর্ণ কাজে বাইরে থাকায় এবং শিক্ষার্থীরা আগে থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট না নেওয়ায় তাৎক্ষণিকভাবে সাক্ষাতের সুযোগ হয়নি।
শিক্ষার্থীদের তথ্যমতে, আদ্-দ্বীন মেডিকেল কলেজে বর্তমানে ২৯৫ জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন, যাদের মধ্যে ৮৬ জন ইন্টার্ন চিকিৎসক এবং ২০৯ জন মেডিকেল শিক্ষার্থী। তাঁদের অধিকাংশেরই বাড়ি ভারতের বিভিন্ন অঞ্চলে।
কাশ্মীর থেকে আসা শিক্ষার্থী ডা. রেজা জানান, বাংলাদেশি শিক্ষার্থীরা অন্য হাসপাতালে মাইগ্রেশনের সুযোগ পেলেও বিদেশি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কারিকুলামের কারণে সেই সুযোগ নেই। আট বছর ধরে পড়াশোনা করে এখন শেষ মুহূর্তে এসে ডিগ্রি আটকে যাওয়ার শঙ্কায় ভুগছেন তিনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ না হলে এই শিক্ষার্থীদের শিক্ষাজীবনে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








