নওশাবা-সুমন আনোয়ারকে নিয়ে “ঠাণ্ডা গোশত ২.০” বানাচ্ছেন সিজু-মুহু

ছবিঃ সংগৃহীত
উপমহাদেশের কিংবদন্তি কথাসাহিত্যিক সাদাত হাসান মান্টোর আলোচিত ছোটগল্প ‘ঠাণ্ডা গোশত’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠাণ্ডা গোশত ২.০’। শাহ নেওয়াজ খান সিজু এবং সুমাইয়া আরজু মুহুর যৌথ প্রযোজনা ও পরিচালনায় গত ২১ জুন রাজধানীর বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে এর পোস্ট-প্রডাকশনের কাজ চলছে।
চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা, সুমন আনোয়ার, আনিয়াহ আবদিয়াহ তাসনিম, ফাতেমা তুজ জোহরা ইভা ও সিফাত বন্যা। নির্মাতারা জানান, এটি মূল গল্পের কোনো রিমেক বা হুবহু রূপান্তর নয়। বরং মান্টোর সাহিত্যে উঠে আসা সহিংসতা, নৈতিক সংকট, অপরাধবোধ এবং ডার্ক সাইকোলজির ভাবনাকে সমকালীন বাংলাদেশের বাস্তবতায় ফুটিয়ে তোলা হয়েছে।
নির্মাতা সিজু বলেন, “৭৬ বছর আগের সামাজিক বাস্তবতার অনেক কিছুই আজ বদলায়নি। মান্টোর মতোই নিজেদের সময়ের অস্বস্তিকর বাস্তবতাকে আনসেন্সর্ডভাবে তুলে ধরার চেষ্টা করেছি।” অন্যদিকে অভিনেত্রী কাজী নওশাবা চরিত্রটির মানসিক দ্বন্দ্ব ফুটিয়ে তোলার অভিজ্ঞতাকে গভীর আবেগের বলে উল্লেখ করেন। সহ-নির্মাতা মুহু জানান, নারীদের মানসিক নীরব যন্ত্রণাকে পর্দায় আনাই ছিল বড় চ্যালেঞ্জ।
চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন রায়হান উদ্দিন এবং সম্পাদনায় আছেন রাশাদুজ্জামান সোহাগ। পোস্ট-প্রডাকশন শেষে চলচ্চিত্রটি দেশ-বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








