৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে

ছবি- সংগৃহীত
৫০০ ও ১ হাজার টাকার নোট বাতিলের প্রস্তাব দিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, এতে অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরবে, কালো টাকার উৎস কমবে এবং অর্থপাচার প্রতিরোধে সহায়ক হবে।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশে অনেক মানুষ ব্যাংকে টাকা না রেখে বাসায় নগদ অর্থ সংরক্ষণ করছেন। এছাড়া দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের কাছেও বিপুল পরিমাণ নগদ অর্থ রয়েছে বলে দাবি করেন তিনি।
তার প্রস্তাব অনুযায়ী, ৫০০ ও ১ হাজার টাকার নোট এক থেকে দুই মাসের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া যেতে পারে। যাদের অর্থের বৈধ উৎস দেখানোর সুযোগ থাকবে না, তারা নির্দিষ্ট হারে ২০ থেকে ২৫ শতাংশ কর পরিশোধ করে সেই অর্থ বৈধ করতে পারবেন। এতে বিপুল পরিমাণ অর্থ ব্যাংকিং খাতে ফিরে আসবে, বিনিয়োগ বাড়বে এবং অর্থনীতিতে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন তিনি।
সংসদ সদস্য আরও বলেন, দেশের প্রয়োজনের তুলনায় বর্তমানে ব্যাংকের সংখ্যা অনেক বেশি। তিনি বলেন, “এমপি হলেই একটি ব্যাংক, নেতা হলেই একটি লিজিং কোম্পানি—এই সংস্কৃতি বন্ধ করতে হবে। জনগণের অর্থ দিয়ে দুর্বল ব্যাংক টিকিয়ে রাখা উচিত নয়।”
তিনি ব্যাংকিং খাতকে আরও কার্যকর করতে ব্যাংকের সংখ্যা যৌক্তিক পর্যায়ে আনার আহ্বান জানান।
আলোচনায় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, স্বাধীনতার পর থেকে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার কথা বলা হলেও বাস্তবে উল্লেখযোগ্য কোনো অর্থ ফেরত আসেনি। তার মতে, শুধু পাচার হওয়া অর্থ উদ্ধারের উদ্যোগ নয়, এমন একটি আর্থিক ও আইনি পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে মানুষ দেশের ভেতরেই অর্থ বিনিয়োগ ও সংরক্ষণে আস্থা পায়।
তবে ৫০০ ও ১ হাজার টাকার নোট বাতিলের বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা দেওয়া হয়নি। এটি সংসদে একজন সদস্যের উত্থাপিত প্রস্তাব।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









