নিজের তৃপ্তিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন সোনাক্ষী

ছবিঃ সংগৃহীত
ক্যারিয়ারের শুরুতে ভিন্নধর্মী সিনেমা দিয়ে যাত্রা করলেও সময়ের সাথে নিজের অভিনয়ের ধরন ও কাজের পছন্দে বড় পরিবর্তন এনেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বর্তমানে কাজের সংখ্যা নয়, বরং চরিত্রের গভীরতা ও নিজের মানসিক তৃপ্তিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। এমনকি পছন্দের কাজ না পেলেও নিজের জীবন নিয়ে তিনি বেশ সুখী বলে জানিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, “আমি এখন এমন একটি জায়গায় আছি, যেখানে শুধু নিজের আনন্দের জন্য কাজ করি। যদি পছন্দের কাজ না-ও আসে, তাতেও আমি আমার নিজের ছোট্ট দুনিয়াতেই খুব সুখে আছি।” তিনি জানান, অতীতে অন্যকে খুশি করতে কিছু সিনেমা করলেও এখন তিনি সচেতনভাবে চরিত্র বেছে নিচ্ছেন।

সাম্প্রতিক সময়ে ‘দাহাড়’-এ পুলিশ কর্মকর্তা, ‘হীরামান্ডি’-তে তবায়েফ এবং অশ্বিনী আইয়ার তিওয়ারির ‘সিস্টেম’-এ আইনজীবীর চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন সোনাক্ষী। ‘সিস্টেম’ ছবির প্রচারণাকালে পরিচালক অশ্বিনী তাকে ভারতের ‘মেরিল স্ট্রিপ’ ও ‘কেট উইন্সলেট’ বলে প্রশংসা করলে সোনাক্ষী একে দারুণ সম্মানের বলে মন্তব্য করেন।
অভিনয়ের পাশাপাশি সোনাক্ষীর ফ্যাশন পছন্দেও এসেছে পরিবর্তন। একসময়ের প্রিয় কালো রঙকে পেছনে ফেলে গ্রীষ্মের তীব্র গরমে এখন তিনি সুতির, ঢিলেঢালা এবং সাদা, নীল বা হালকা রঙের পোশাক পরিধান করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








