হামলাকারীকে ক্ষমা করতে আপত্তি নেই অভিনেতা সাইফ আলি খানের

ছবিঃ সংগৃহীত
বাংলার পতৌদি পরিবারের নবাব ও বলিউড অভিনেতা সাইফ আলি খান ২০২৫ সালের ১৬ জানুয়ারি গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে এক অনুপ্রবেশকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন এই অভিনেতা।
ঘটনার রাতে মোহাম্মদ শরিফুল ইসলাম নামে এক যুবক তাদের ফ্ল্যাটের পেছনের রাস্তা দিয়ে ঘরে প্রবেশ করে প্রথমে বাথরুমে এবং পরে সাইফের ছোট ছেলে জাহাঙ্গীরের (জেহ) ঘরে গিয়ে লুকিয়ে থাকে। অপরিচিত ব্যক্তিকে দেখে শিশুটি কাঁদতে শুরু করলে ওই দুর্বৃত্ত জেহ ও তার ন্যানিকে আঘাত করে। সন্তানের ঘরে ছুরি হাতে দুর্বৃত্তকে দেখে সাইফ বাধা দিতে গেলে তাঁদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় হামলাকারী এলোপাতাড়ি ছুরি চালালে সাইফের শরীরে ৬টি ক্ষত তৈরি হয়, যার একটি ছিল শিরদাঁড়ার খুব কাছাকাছি।
রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় এবং সফল অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর শরীর থেকে ২-৩ ইঞ্চির একটি ভাঙা ছুরির অংশ বের করা হয়। ঘটনার তিন দিন পর পুলিশ থানে এলাকা থেকে ৩০ বছর বয়সী ওই হামলাকারীকে গ্রেফতার করে। তবে এত বড় দুর্ঘটনার পরও বড় মনের পরিচয় দিয়ে সাইফ জানিয়েছেন, হামলাকারীকে ক্ষমা করে দিতে তাঁর কোনো আপত্তি নেই।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









