জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। তিনি বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন।

সোমবার (২৯ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

আহসান হাবিব এর আগে এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জনের পাশাপাশি বিসিএস পরীক্ষায়ও নিজ ব্যাচে প্রথম হন।

কর্মজীবনে তিনি কর অঞ্চল ১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সিআইসির মহাপরিচালক থাকাকালে কর ফাঁকি ও আর্থিক অনিয়মসংক্রান্ত বেশ কয়েকটি আলোচিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে আলোচনায় আসেন।

বর্তমানে তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। তাঁর নিয়োগের মাধ্যমে দেশের রাজস্ব প্রশাসনে নতুন নেতৃত্বের সূচনা হলো।

প্রাইমটিভি/এনজি