চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়া হবে: ইরান

ছবিঃ সংগৃহীত
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের অবসান ঘিরে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘন করা হলে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে ইরান। একই সঙ্গে কাতারে আটকে থাকা ইরানের জব্দ অর্থ মুক্ত করার বিষয়েও আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছে তেহরান।
মঙ্গলবার (৩০ জুন) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের জবাব তাৎক্ষণিক ও দৃঢ়ভাবে দেওয়া হবে।
তিনি বলেন, “আমরা কোনো হামলাকে জবাবহীন রাখব না। ইরানের সশস্ত্র বাহিনী ইতোমধ্যেই প্রমাণ করেছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের যথাযথ জবাব দিতে তারা প্রস্তুত।”
বাঘাই আরও বলেন, সমঝোতা স্মারক লঙ্ঘনের যেকোনো পদক্ষেপকে চুক্তির প্রথম অনুচ্ছেদের লঙ্ঘন হিসেবে দেখা হবে। এ ধরনের ঘটনা বারবার ঘটলে চুক্তির বাস্তবায়ন অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে বলেও তিনি সতর্ক করেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতা স্মারকের বাস্তবায়ন এবং কাতারে আটকে থাকা ইরানের জব্দ অর্থ ফেরত পাওয়ার বিষয় নিয়ে বুধবার দোহায় কাতারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইসমাইল বাঘাই।
তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। তবে অবরুদ্ধ অর্থ মুক্ত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে মধ্যস্থতাকারী কাতারের সঙ্গে আলোচনা চলবে।
বাঘাই বলেন, দোহার বৈঠকে সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা বাস্তবায়নের পাশাপাশি ইরানের জব্দ সম্পদ মুক্ত করার অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হবে।
এর আগে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছিলেন, কাতারে সংরক্ষিত ইরানের প্রায় ৬০০ কোটি ডলারের জব্দ অর্থ এখনো তেহরানের কাছে হস্তান্তর করা হয়নি।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








