মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

ছবিঃ সংগৃহীত
জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান জুলাই অভ্যুত্থানকে অপমান করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। একই সঙ্গে তিনি জুলাই জাদুঘর দ্রুত উদ্বোধন এবং জুলাই ফাউন্ডেশনের কার্যক্রম জোরদারের দাবি জানান।
মঙ্গলবার (৩০ জুন) সংসদ ভবনে বাজেট-পরবর্তী প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন আখতার হোসেন।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের ভাতা ২০ হাজার টাকা থেকে কমিয়ে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, বাজেট আলোচনায় মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করতে গিয়ে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান জুলাই অভ্যুত্থানকে অপমান করেছেন।
আখতার হোসেন বলেন, “মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই।”
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে জুলাই জাদুঘর দ্রুত চালু করা জরুরি। অন্যথায় গুরুত্বপূর্ণ অনেক স্মৃতিচিহ্ন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি জুলাই ফাউন্ডেশনের কার্যক্রমও সক্রিয়ভাবে পরিচালনার আহ্বান জানান তিনি।
বাজেট প্রসঙ্গে এনসিপির এই সংসদ সদস্য বলেন, চলতি অর্থবছরের বাজেটে বড় ধরনের ঘাটতি রয়েছে। আগামী এক বছর বাজেট বাস্তবায়নের কার্যক্রম পর্যবেক্ষণ করে এর প্রভাব মূল্যায়ন করা হবে।
এ সময় তিনি সংসদে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে কোনো ধরনের বৈষম্য না রাখারও প্রস্তাব দেন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








