বিদ্যুৎ বিল বেশি এলে হটলাইনে কলের আহ্বান মন্ত্রণালয়ের

ছবিঃ সংগৃহীত
চলতি জুন মাসে অন্যান্য সময়ের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ বাড়তে থাকায় গ্রাহকদের হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোকে অভিযোগগুলো দ্রুত যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) রাতে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন ২০২৬ মাসে গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ বিভিন্ন সূত্র থেকে মন্ত্রণালয়ের নজরে এসেছে। গ্রাহকদের ভোগান্তি কমাতে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ অবস্থায় যেসব গ্রাহক অস্বাভাবিক বা অতিরিক্ত বিদ্যুৎ বিল পেয়েছেন, তাদের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার কার্যালয় অথবা নির্ধারিত হটলাইনে যোগাযোগ করে অভিযোগ জানানোর অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
মন্ত্রণালয় জানিয়েছে, গ্রাহকদের অভিযোগ যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে অতিরিক্ত বিলের কারণে কেউ হয়রানির শিকার না হন।
যেসব নম্বরে অভিযোগ জানানো যাবে
বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা : ১৬৯৯৯
বিপিডিবির কল সেন্টার : ১৬২০০
পবিবোর কল সেন্টার : ১৬৮৯৯
ডিপিডিসি লিমিটেডের কল সেন্টার : ১৬১১৬
ডেসকো লিমিটেডের কল সেন্টার : ১৬১২০
নেসকো লিমিটেডের কল সেন্টার : ১৬৬০৩
ওজোপাডিকো লিমিটেডের কল সেন্টার : ১৬১১৭
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






