ইরানের সঙ্গে নতুন করে আলোচনার সময় জানালেন ট্রাম্প

ইরানের সঙ্গে আলোচনায় সম্মতি ট্রাম্পের । প্রাইম টিভি
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যেই ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।
সোমবার (২৯ জুন) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান আলোচনার অনুরোধ জানিয়েছে এবং সেই আলোচনাই দোহায় অনুষ্ঠিত হবে।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, টানা দুদিনের পাল্টাপাল্টি হামলার পর অবশেষে সহিংসতা বন্ধ করে আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে ওয়াশিংটন ও তেহরান। আলোচনায় ইসলামাবাদ সমঝোতা চুক্তিতে উল্লেখিত বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সূত্রগুলোর দাবি, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
গত ২৫ জুন গভীর রাতে হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজকে লক্ষ্য করে ইরানের নৌবাহিনীর হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ড্রোন, ক্ষেপণাস্ত্রের ডিপো ও রাডার স্থাপনায় পাল্টা হামলা চালায় মার্কিন সেন্টকম।
এরপর দুই দিন ধরে পরস্পরের বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালায় সেন্টকম ও ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। জবাবে কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় আইআরজিসি।
তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের ওই হামলায় কোনো মার্কিন ঘাঁটির ক্ষয়ক্ষতি হয়নি। কুয়েত ও বাহরাইনও জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলাকারী ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভূপাতিত করেছে।
এদিকে, ২৭ জুন প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি অভিযোগ করে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেয় তারা।
এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই দোহার বৈঠককে দুই দেশের সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








