চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা নয়, তরুণদের নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করবে, এমন লক্ষ্য সামনে রেখে অর্থনীতিকে উৎপাদন ও বিনিয়োগনির্ভর করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশনে ২০২৬ থেকে ২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, সরকারের অর্থনৈতিক কৌশল তিনটি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা হবে। দ্বিতীয় ধাপে রাজস্ব সংস্কার, ব্যাংকিং খাতের পুনর্গঠন এবং রফতানি বহুমুখীকরণে গুরুত্ব দেওয়া হবে। আর শেষ ধাপে উৎপাদনশীল, উদ্ভাবননির্ভর ও প্রতিযোগিতামূলক অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করা হবে।

তিনি বলেন, শুধু জিডিপি প্রবৃদ্ধি বাড়লেই প্রকৃত উন্নয়ন হয় না। প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি আসে এবং তরুণরা তাদের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ পায়।

প্রধানমন্ত্রী আরও বলেন, ঋণনির্ভর অর্থনীতি নয়, উৎপাদন ও বিনিয়োগনির্ভর বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। একই সঙ্গে দেশীয় শিল্পের বিকাশ, রুগ্ন শিল্পকারখানার পুনরুজ্জীবন এবং নতুন শিল্পাঞ্চলভিত্তিক কর্মসংস্থানের মাধ্যমে রফতানিমুখী ও উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রাইমটিভি/এনজি