২০০২ বিশ্বকাপে ব্রাজিলকে পঞ্চম শিরোপা এনে দেওয়া কিংবদন্তি রোনালদো নাজারিও এবার প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন নেইমার জুনিয়রকে। তার বিশ্বাস, চলমান বিশ্বকাপই হতে পারে সমালোচকদের জবাব দেওয়ার সেরা মঞ্চ।

ফরাসি ক্রীড়া দৈনিক এল ইকুইপকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, যারা নেইমারকে বিশ্বাস করেনি, তাদের সবার মুখ বন্ধ করে দেওয়ার দারুণ সুযোগ এখন তার সামনে।

চোট, সমালোচনা ও নানা বিতর্কে ঘেরা নেইমারের বর্তমান পরিস্থিতির সঙ্গে নিজের ক্যারিয়ারের মিলও খুঁজে পান ব্রাজিলের এই কিংবদন্তি। ২০০২ বিশ্বকাপের আগে দীর্ঘ সময় হাঁটুর চোটে মাঠের বাইরে ছিলেন রোনালদো। অনেকেই ভেবেছিলেন, তার সেরা সময় শেষ। কিন্তু সেই বিশ্বকাপে ৮ গোল করে ব্রাজিলকে শিরোপা জেতান তিনি।

সেই স্মৃতি মনে করিয়ে রোনালদো বলেন, তিনিও এমন প্রত্যাবর্তনের মধ্য দিয়ে গেছেন বলেই নেইমারের পাশে আছেন পুরোপুরি।

ব্রাজিলের বর্তমান ফুটবল নিয়েও কথা বলেছেন রোনালদো। তার মতে, একসময়ের মতো এখন আর ব্রাজিল একক ফেবারিট নয়। তবে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি হিসেবে সেলেসাওদের অবস্থান এখনও অটুট। আর ব্রাজিলের ফুটবল ঐতিহ্যের কারণে দলটির প্রতি প্রত্যাশাও সবসময় আকাশছোঁয়া।

বিশ্বকাপের রাউন্ড অব ৩২ এ আজ (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। শুরু থেকেই নেইমার মাঠে নামলে, সমালোচকদের জবাব দেওয়ার পথে সেটিই হতে পারে তার নতুন অধ্যায়ের সূচনা।

প্রাইমটিভি/এনজি