পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে উপকৃত হবে ২৬ জেলার ১৬৩ উপজেলা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ । প্রাইম টিভি
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে দেশের ২৬ জেলার ১৬৩টি উপজেলা সরাসরি উপকৃত হবে। এর সুফল ভোগ করবে দেশের প্রায় ৩৭ শতাংশ মানুষ।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬ থেকে ২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রস্তাবিত বাজেট দেশের মানুষের কল্যাণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে। মাত্র চার মাসে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জনকল্যাণমুখী বাজেট প্রণয়নের জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই হেলথ কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা এবং খালকাটা কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষা খাতে সরকারের উদ্যোগের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ শিক্ষার প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করেছে। পাশাপাশি শিক্ষা খাতে প্রস্তাবিত বরাদ্দ দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি।
পানিসম্পদ খাতের অগ্রাধিকার তুলে ধরে ফরহাদ হোসেন আজাদ বলেন, ফারাক্কা বাঁধ, পদ্মা ব্যারেজ এবং তিস্তা ব্যারেজ বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি জানান, ফারাক্কার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকারের টেকনিক্যাল কমিটি কাজ করছে।
তিনি আরও বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প ইতোমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে। প্রথম ধাপে ১৯ জেলার ১২০টি উপজেলা এর আওতায় আসবে। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে ২৬ জেলার ১৬৩টি উপজেলা এবং দেশের প্রায় ৩৭ শতাংশ মানুষ উপকৃত হবে।
তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের অন্তত পাঁচটি জেলার কৃষি, সেচ ও পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
এ সময় তিনি পঞ্চগড়কে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি পঞ্চগড় বাইপাস সড়ক নির্মাণ এবং দেবীগঞ্জে একটি এগ্রো জোন প্রতিষ্ঠার দাবি জানিয়ে তিনি বলেন, আঞ্চলিক ভারসাম্যপূর্ণ উন্নয়নের জন্য এসব প্রকল্প বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








