রাজধানীর মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার নীলফামারী ৩ আসনের (সংরক্ষিত) সাবেক সংসদ সদস্য মোছা. আশিকা সুলতানাকে ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তদন্ত কর্মকর্তার আবেদনের পর এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, একই মামলায় গত শুক্রবার থেকে তিন দিনের রিমান্ডে ছিলেন আশিকা সুলতানা। রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করে মিরপুর মডেল থানার উপপরিদর্শক আল মামুন হোসাইন পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানি শেষে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় আশিকা সুলতানা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ সময় তিনি বলেন, “আমি কী করেছি? কী অপরাধ আমার? যে বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে?”

তার আইনজীবী শাহাব উদ্দিন রাজু বলেন, একই মামলায় একজন নারী আসামিকে বারবার রিমান্ডে নেওয়া মানবাধিকার লঙ্ঘনের শামিল। এ বিষয়ে আদালতে আপত্তি জানানো হলেও আদালত পুনরায় তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর মিরপুর ১১ এলাকা থেকে আশিকা সুলতানাকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ জুন মিরপুর ১ নম্বর এলাকায় এপেক্স শোরুমসংলগ্ন বাটা শোরুমের সামনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ব্যানার ও ফেস্টুন ফেলে পালিয়ে যান। পরে ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই মিছিল অনুষ্ঠিত হয়েছিল।

পুলিশের দাবি, তদন্তে আশিকা সুলতানার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তিনি আওয়ামী লীগের অর্থদাতা বলেও অভিযোগ করা হয়েছে। তদন্ত কর্মকর্তা বলেন, মিছিলের পরিকল্পনা, নেতৃত্বদানকারী ব্যক্তিদের শনাক্ত করা এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের স্বার্থে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

প্রাইমটিভি/এনজি