দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় দেশের ৬২১টি এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পর্যায়ের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড।

এ লক্ষ্যে গত ২৫ জুন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠানো হয়েছে। এতে আগামী ২২ জুলাইয়ের মধ্যে কেন এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহার করা হবে না—সে বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

কারিগরি শিক্ষাবোর্ডের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না থাকায় এসব প্রতিষ্ঠান কার্যত শিক্ষার্থীশূন্য হয়ে পড়েছে। তবে এর মধ্যেও শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করা হচ্ছে। এ পরিস্থিতিতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভর্তি কার্যক্রম স্থগিত, পাঠদানের অনুমোদন বাতিল এবং পরবর্তীতে প্রতিষ্ঠান বন্ধের প্রক্রিয়া অনুসরণের পরিকল্পনা রয়েছে।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২৪’-এর বিভিন্ন ধারা অনুযায়ী নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হলে সরকার ও বোর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহার করতে পারে।

বোর্ডের তথ্য অনুযায়ী, শোকজ পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৪৩টি এসএসসি (ভোকেশনাল) এবং ১৭৮টি দাখিল (ভোকেশনাল) শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে বিধি অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কারিগরি শিক্ষাবোর্ড।

প্রাইমটিভি/কেআর