বছর দুয়েক আগে মুক্তি পাওয়া জনপ্রিয় নাটক ‘ভ্যানিশিং ম্যান’-এর সিক্যুয়াল ‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। এরই মধ্যে নাটকটি প্রায় ৬০ লাখ দর্শক দেখেছেন এবং আড়াই হাজারেরও বেশি ইতিবাচক মন্তব্য জমা পড়েছে। এই সিক্যুয়ালে অভিনেতা জিয়াউল হক পলাশের বিপরীতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি নজর কেড়েছেন নবাগতা শেগুফতা আহমেদ জারবীনি।

নাটকটিতে জারবীনির পরিমিত এবং সাবলীল অভিনয়ের প্রশংসা করে দর্শকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্য করছেন। দর্শকদের এমন অভাবনীয় সাড়া প্রসঙ্গে জারবীনি বলেন, “ফেসবুকের বিভিন্ন পোস্ট এবং মন্তব্য দেখে আমি আপ্লুত। সবাই এত প্রশংসা করছেন যে আমি নিজেই খুব লজ্জা পাচ্ছি।”

palash_20260628_153219144

এর আগে ‘কুড বি আস!’ ও ‘কুলেজ’-এ অভিনয় করলেও ‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’ দিয়ে জারবীনির কেন্দ্রীয় চরিত্রে অভিষেক হলো। প্রথম কিস্তিতে পলাশের বিপরীতে সাফা কবির অভিনয় করেছিলেন। জারবীনি জানান, সিক্যুয়ালে মূল চরিত্র পাওয়ার বিষয়টি তাঁর জন্য ছিল আকস্মিক ও রোমাঞ্চকর।

নাটকটির নির্মাতা নাজমুল হুদা ইমন বলেন, প্রথম কিস্তির চেয়েও সিক্যুয়ালটিতে অনেক বেশি ইতিবাচক সাড়া মিলছে। বিশেষ করে পলাশ ও জারবীনির নতুন জুটি দর্শক দারুণ পছন্দ করেছেন। এই নাটকে আরও অভিনয় করেছেন সৈয়দ বাচ্চু, এরফান মৃধা শিবলু, জাবেদ গাজি ও ফরহাদ জুলফিকার প্রমুখ।

প্রাইমটিভি/বিএম