রামপুরায় তরুণকে গুলি ও দুই হত্যা মামলা তিন পুলিশের মৃত্যুদণ্ড, বাকি দু'জনের বিভিন্ন মেয়াদে সাজা

ছবিঃ সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করে হত্যা এবং আরও দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রোববার (২৮ জুন) দুপুর ১২টা ২৫ মিনিটে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।
একই রায়ে রামপুরা থানার সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড এবং সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। চঞ্চল চন্দ্র সরকার গ্রেপ্তার থাকলেও বাকি চার আসামি পলাতক রয়েছেন।
মামলাটি জুলাই গণঅভ্যুত্থানের সময় রামপুরা এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, আন্দোলন চলাকালে কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করে হত্যা করা হয় এবং একই ঘটনায় আরও দুজন নিহত হন।
মামলার বিচারিক কার্যক্রমে মোট ১৩ জন সাক্ষী সাক্ষ্য দেন। গত বছরের ৭ আগস্ট প্রসিকিউশন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। পরে ১৮ সেপ্টেম্বর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
রায় ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে অভিযোগ প্রমাণে প্রসিকিউশন সফল হয়েছে। এই রায়ের মাধ্যমে শহীদ পরিবার ন্যায়বিচার পেয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা বিচার চলাকালে তাদের মক্কেলদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে অব্যাহতির আবেদন জানিয়েছিলেন। তবে সব পক্ষের যুক্তি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে ট্রাইব্যুনাল পাঁচ আসামির বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






