রাজধানীর শাহবাগ এলাকার মোতালিব প্লাজায় অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা পুলিশ। এ ঘটনায় জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-  নাফিজ আহম্মেদ (২৬), মো. রহমত উল্লাহ (২৬), ইয়াকুব আলী চৌধুরী (৩৯) এবং রুবেল (৪২)।

শনিবার (২৭ জুন) রাতে শাহবাগ থানাধীন মোতালিব প্লাজার পঞ্চম তলায় একটি দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মোতালিব প্লাজার একটি দোকানে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ জাল টাকাসহ অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রাইমটিভি/এমআর