বিশ্বকাপ ফুটবলের অফিশিয়াল থিম সং ‘সির সির’ প্রকাশের মাধ্যমে বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টির পর এবার ভক্তদের জন্য নতুন চমক নিয়ে হাজির হলেন মরক্কো-কানাডিয়ান তারকা নোরা ফাতেহি। সম্প্রতি এই বলিউড নৃত্যশিল্পীর নতুন অ্যান্থেম গান ‘চ্যাম্পিয়নস’ মুক্তি পেয়েছে।

‘সির সির’ প্রকাশের মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এই নতুন গানের মাধ্যমে আবারও জুটি বাঁধলেন বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সঙ্গীত প্রযোজক সঞ্জয় দেব এবং নোরা ফাতেহি। প্রকাশিত গানটির মিউজিক ভিডিওতে নোরার দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ফুটবল থেকে অনুপ্রাণিত চমৎকার সব ভিজ্যুয়াল ফুটিয়ে তোলা হয়েছে।

WhatsApp Image 2026-06-28 at 12.42.36 PM (1)

খোদ নোরা ফাতেহি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে গানটি মুক্তির ঘোষণা দেন। মিউজিক ভিডিওতে নোরাকে একটি ফুটবল জার্সি পরা অবস্থায় ফুটবল ভক্তদের সঙ্গে তাল মিলিয়ে দারুণ সব ড্যান্স মুভ দিতে দেখা গেছে। নোরার ভক্ত এবং শোবিজ অঙ্গনের তারকারা এই নতুন গানটির ভূয়সী প্রশংসা করেছেন।

এর আগে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্জয় দেব ও নোরা ফাতেহির পরিবেশন করা অফিশিয়াল গান ‘সির সির’ বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছিল। মূলত সেই জনপ্রিয়তার রেশ ধরেই তারা আবারও একসঙ্গে জুটি বাঁধলেন। অন্যদিকে মাঠের গানের পাশাপাশি বাস্তবেও ফুটবল বিশ্বকাপে মরক্কো দল রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেওয়ার পর ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তা শেয়ার করে নিজের অকুণ্ঠ সমর্থন প্রকাশ করেছেন এই মরক্কান ডিভা।

প্রাইমটিভি/বিএম